
নেত্রকোনা প্রতিনিধি: স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই সন্তানদের নিয়ে কাটত আতঙ্ক আর অনিশ্চয়তায়।
এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছে মজমুল হক আলতু মেম্বার ফাউন্ডেশন। তাদের উদ্যোগে শিল্পী বেগমের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে একটি চৌচালা টিনের ঘর।
শিল্পী বেগম নেত্রকোনা সদর উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী। নতুন ঘর পেয়ে তাঁর পরিবারে ফিরেছে নিরাপদে বসবাসের আশা। ঘরটি তাঁদের কাছে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং সন্তানদের নিয়ে নিশ্চিন্তে থাকার নতুন অবলম্বন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ঈদ ও রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া। এ ছাড়া আর্থিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের পরিচালক মো. মশিউর রহমান বলেন, “আমরা অসহায় মানুষের জন্য কাজ করছি। যাঁরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, যাঁদের থাকার জায়গা নেই কিংবা অভাবে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এমন কোনো অসহায় মানুষের খবর পেলে আমাদের জানাবেন।”
তিনি আরও জানান, অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সামর্থ্য অনুযায়ী সহায়তা করাই তাদের উদ্যোগের মূল লক্ষ্য।
ফাউন্ডেশনটির পরিচালক মো. মশিউর রহমানের বাবা আলতু মেম্বারের নাম অনুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। পরিবারের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।
শিল্পী বেগমের পরিবারের জন্য নির্মিত নতুন ঘরটি স্থানীয়ভাবে মানবিক উদ্যোগের একটি উদাহরণ হয়ে উঠেছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সুবিধাবঞ্চিত অনেক পরিবারের দুর্ভোগ কমতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা