
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণরত তরুণ সাংবাদিক গিয়াস উদ্দিনের এলএলবি (শেষ পর্ব) পরীক্ষায় অংশ নেওয়া হলো না। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করলেও নির্ধারিত পরীক্ষার প্রায় ২২ ঘণ্টা আগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় পরীক্ষার হলে যাওয়ার পরিবর্তে তাকে যেতে হয়েছে কারাগারে।
শুক্রবার তার ‘দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি’ বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার ব্যস্ততম এলাকা চিরিংগা ম্যাক্স হাসপাতালের সামনে থেকে চকরিয়া থানা পুলিশের একটি দল গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। পরীক্ষার আগের দিন তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
গিয়াস উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এলএলবি (শেষ পর্ব) নিয়মিত শিক্ষার্থী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে একযোগে এলএলবি শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানান, কলেজের নথিপত্র ও প্রবেশপত্র অনুযায়ী, ওই দিন ‘দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি’ (Penal Code and Criminal Procedure Code) বিষয়ে গিয়াস উদ্দিনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে গ্রেপ্তারের কারণে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তার শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, ২০২৪ সালে চকরিয়ায় একটি টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, চূড়ান্ত পরীক্ষার ঠিক আগের দিন গ্রেপ্তারের কারণে গিয়াস উদ্দিন পরীক্ষায় অংশ নিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন তার সহপাঠী ও স্থানীয় সচেতন মহল। তারা বিষয়টি মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তার শিক্ষাজীবন অব্যাহত রাখার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা