
মিহির মন্ডল, পিরোজপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর ল’ কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়ে বর্ধিত পরীক্ষার ফি কমিয়ে শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে নির্ধারণের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীর জন্য বর্ধিত ফি বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে ফি কমানোর দাবি জানান তারা।
শিক্ষার্থী মিতু শিকদার বলেন, “এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, তারা যেন দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে বর্ধিত ফি পুনর্বিবেচনা করে।”
অপর শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, “অনেক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সেশনজটের সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে। এতে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এখন অতিরিক্ত পরীক্ষার ফি আমাদের জন্য নতুন করে বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।”
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার বর্ধিত ফি পুনর্বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা