
যায়যায়কাল প্রতিবেদক: কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।
শুক্রবার (৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিকদের ওপর দমন–পীড়ন বৃদ্ধি পায় এবং বিপুল সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। তারা এসব মামলাকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।
সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘‘ড. মুহাম্মদ ইউনূসের আমলে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে এবং কারাগারে আটকে রাখা হয়েছে। কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও নির্যাতন বন্ধ করা বর্তমান সরকারের দায়িত্ব।’’
তিনি বলেন, সাংবাদিকদের মুক্তি দেওয়া হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক হবে।
মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব শেখ জামাল সাংবাদিকদের ওপর নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ওপর দমননীতি চালানো হয়েছে এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশে ৪৭ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। যাদের কয়েকজন এখনও কারাগারে রয়েছেন। এছাড়া ১৩ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, ৪৪৯ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে এবং এক হাজারের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন। অনেক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, ব্যাংক হিসাব জব্দ ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
শেখ জামাল বলেন, ভবিষ্যতে যাতে সাংবাদিকদের ওপর এ ধরনের নির্যাতন না ঘটে, সে লক্ষ্যেই ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ গঠন করা হয়েছে।
মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কার্যালয় খুলে দেওয়া, জাতীয় প্রেস ক্লাবের স্থগিত সদস্যপদ পুনর্বহাল, বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড ফিরিয়ে দেওয়া, ব্যাংক হিসাব জব্দ ও বিদেশযাত্রা নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ জামালের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ইমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল এবং নির্বাহী সদস্য সাজেদা হক ও একেএম ওবায়দুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক রেজাউল কারীম, ডিইউজের নির্বাহী সদস্য রারজানা সুলতানা, রহিমা খানম, রমজান আলী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, শফিউর রহমান, ওয়ারেসুন্নবী খন্দকার, মাজেদুল ইসলাম পাবেল, এস এম কামরুজ্জামান সাগর, শেখ ইমন আহমেদ, নাইমুর রহমান স্বপন, গাজী তুষার আহমেদ, বিউটি রানী, জয়নাল আবেদীন বাপ্পি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা