

গাজীপুর প্রতিনিধি : নানা অনিয়ম ও বন্দিদের মারধরের অভিযোগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিরা বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এছাড়া বন্দিদের ওপর গুলি ছোঁড়ার অভিযোগ করেছেন ধর্মীয় বক্তা মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানী।
মঙ্গলবার সকাল থেকেই কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করতে শুরু করেন কারাবন্দিদের স্বজনরা।
এর মধ্যে বেলা পৌনে ১২টার দিকে রফিকুল ইসলাম মাদানী ও তার লোকজন কারা কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে মিছিল নিয়ে কারাগারের প্রধান ফটকে অবস্থান নেন।
পরে তিনি কারা ফটকের ভিতরে গিয়ে সেখানে থাকা সেনা সদস্যদের সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন।
পরে রফিকুল ইসলাম মাদানী কারা ফটকে সাংবাদিকদের বলেন, বিভিন্ন সূত্রে জেনেছি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার সেখানে কারাবন্দি ওলামা-আলেমদের ঠিকমতো খাবার দিচ্ছে না, অযথাই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কারারক্ষীদের দিয়ে তাদের লাঠিচার্জ করেন। এসময় যখন বন্দিরা উত্তেজিত হয়ে যান তখন সাইরেন বাজিয়ে অস্ত্র নিয়ে বন্দিদের উপর হামলে পড়ে। সোমবার রাত থেকে বন্দিদের কিছুই খেতে দেওয়া হয়নি।
এমনকি বন্দিদের উপর গুলিও ছোঁড়ার অভিযোগ করে এতে কয়েকজন আহত হওয়ারও খবর পেয়েছেন বলে জানান তিনি।
এছাড়া সেনাকর্মকর্তার সঙ্গে আলাপ শেষে কারাফটক থেকে বেরিয়ে আসার সময় আবারও গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেন তিনি।
রফিকুল ইসলাম মাদানী বলেন, সেনা সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। কেউ আহত হয়ে থাকলে তাদের চিকিৎসা ও ভেতরের বন্দিদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে কারা কর্মকর্তাকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কারাগারের ভেতরে কারাবন্দিদের বিক্ষোভের খবর শুনে কাশিমপুর কারাগার এলাকায় অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে গুলিবর্ষণ ও গুলিবিদ্ধ হয়ে বন্দিদের আহত হওয়ার তথ্য জানতে পারেননি, খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা