
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বিসিআইসি অনুমোদিত সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করতে সার ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে অবস্থিত ‘মেসার্স মোঃ নূরুল ইসলাম কালন মিয়া’ নামের বিসিআইসি অনুমোদিত সার ডিলারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
সরাইলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সোমবার সকালে শাহবাজপুর ১ম গেইট এলাকার কৃষক মোঃ কামাল মিয়া (৪৫) সার কিনতে ওই দোকানে যান। এ সময় সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি বস্তা সারের দাম ১ হাজার ৩৫০ টাকা হলেও তাঁর কাছে প্রতি বস্তায় ৫০ টাকা বেশি, অর্থাৎ ১ হাজার ৪০০ টাকা দাবি করা হয়।
অতিরিক্ত দাম দিতে অস্বীকৃতি জানিয়ে কৃষক কামাল মিয়া বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। পরে কৃষি কর্মকর্তা ওই কৃষককে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের কাছে বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান ইউএনও মীর কামরুজ্জামান কবির। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ওই সার বিক্রয়কেন্দ্রে সরেজমিনে তদন্ত করেন। এ সময় অভিযোগকারী কৃষকের বক্তব্য গ্রহণ এবং প্রাথমিক যাচাই-বাছাইয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দাবি করার বিষয়টির সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট সার ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, সারের মতো কৃষি উপকরণের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায় করলে উৎপাদন ব্যয় বেড়ে যায়। তাই সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও কার্যকর অভিযান প্রয়োজন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বলেন, “কৃষকদের জিম্মি করে কোনোভাবেই সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। কোনো ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের জরিমানাসহ কঠোর আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদেরও সারের মূল্য নিয়ে কোনো অনিয়ম বা অতিরিক্ত দাম দাবির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা