
যায়যায়কাল প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. রকিবুল হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।
এর আগে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) ওসমান গনি।
ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানান, দণ্ডবিধির ১৫৩ ও ১২৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডিএমপি মিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রকিবুলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ১৭ সেপ্টেম্বর রকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
ওই অডিওতে শোনা যায়, ওসি পরিচয়ে কেউ সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করছেন।
অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।
তিনি পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলেন। ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।
সে সময় ডিএমপি জানিয়েছিল, অডিও ক্লিপের বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরে ডিএমপি জানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি রকিবুলকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা