
খাঁন মোঃ আব্দুল মজিদ, দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আমিনুল ইসলাম হৃদয় (২৪)।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই জনি ইসলাম (২০)।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।বুধবার (১১ মার্চ) দুপুরে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিনুল ইসলাম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের পাটোয়ারীপাড়া এলাকার রফিকুল ইসলাম ওরফে বাচ্চা বাউয়ের বড় ছেলে। আহত জনি ইসলাম তার ছোট ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই ভাই মোটরসাইকেলে করে খানসামা থেকে বাড়ি ফিরছিলেন। পথে আবুল খায়ের গ্রুপ-এর মার্কস মিল্ক পাউডার বহনকারী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুই ভাইকে উদ্ধার করেন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি গাড়িতে করে তাদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমিনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই নিভে যায় তার তরুণ প্রাণ। অন্যদিকে গুরুতর আহত জনি বর্তমানে চিকিৎসাধীন।
এ বিষয়ে খানসামা থানার ওসি আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হঠাৎ এই দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এক ভাইয়ের অকাল প্রয়াণ, আরেক ভাই চিকিৎসাধীন-সব মিলিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। এলাকাবাসী নিহত আমিনুলের রুহের মাগফিরাত এবং আহত জনির দ্রুত সুস্থতা কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা