
মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কামারজুরী দৌলতপুর এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে গাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. ইউসুফ আলী।
এ ঘটনায় মো. ফজল (৪৫), মো. আলম (৪২), মো. সোহেল (৩৮), আ. রউফ (৫৫) ও মোসা. রেণুজা (৩৭)-সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৫ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ইউসুফ আলীর ছেলে আমির আলী জানান, তাদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাদের দাবি, মোট সাড়ে ৬ কাঠা জমির মধ্যে সোয়া ৪ কাঠা জমি আগে দখল করে সেখানে কারখানা ও বাড়ি নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট সোয়া ২ কাঠা জমিতে তাদের বাড়িসহ জায়গা দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আমির আলীর অভিযোগ, ঘটনার দিন অভিযুক্তরা তাদের লোকজন নিয়ে অবশিষ্ট জমিতে থাকা বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলায় পরিবারের একাধিক সদস্য আহত হন বলে দাবি করেন তিনি।
আহতদের মধ্যে ইউসুফ আলীর ছেলে আমির হোসেন (৫০) ও মেয়ে রহিমা বেগম (৩৫) বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীনরয়েছেন।
আমির আলী বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললেও তারা এর শান্তিপূর্ণ ও আইনগত সমাধান চান। ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ইউসুফ আলী গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পুলিশ গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের প্রকৃত অবস্থা এবং হামলার অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ভুক্তভোগী পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন অনুযায়ী ন্যায়বিচার দাবি করেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা