
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ সিএমপি (ডিবি-দক্ষিণ) এবং জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. রুহুল আমিন (৪৫)। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
বুধবার এক সংবাদ সম্মেলনে সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, সিএমপি ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-১ এর কাছে গোপন সংবাদ আসে যে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সের বিপরীত পাশে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে বিশেষ চেকপোস্ট বসায় ডিবির টিম। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানো হয়। পরে ট্রাকের চালক রুহুল আমিনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫-৬৩ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করে পুলিশ।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা