
সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারি ফি ৫০ টাকা। কিন্তু জন্মনিবন্ধন করতে গিয়ে দিতে হচ্ছে ১১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। শুধু জন্মনিবন্ধন নয়, বয়স্ক ভাতার টাকা বিতরণের সময়ও এক ভাতাভোগীর কাছ থেকে ১০০ টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
সরকারি সেবার নামে এমন অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার ও সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে। তবে অতিরিক্ত অর্থ আদায়ের কারণ নিয়ে উদ্যোক্তা, হিসাব সহকারী ও ইউপি সচিবের বক্তব্যে মিলছে না।
অন্যদিকে পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো অনুমোদন নেই।
গত ১৫ নভেম্বর সরেজমিনে গিয়ে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়। তাদের দাবি, সরকারি নির্ধারিত ফির বাইরে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীকে আলাদা টাকা দিতে হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয় বলেও অভিযোগ তাঁদের।
সরকারি নির্ধারিত ফি অনুযায়ী, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। ৪৬ দিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা এবং পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য ৫০ টাকা ফি নির্ধারিত রয়েছে। অথচ ঝাঐল ইউনিয়ন পরিষদে পাঁচ বছরের বেশি বয়সীদের জন্মনিবন্ধনে ৫০ টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ১১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
এক ভুক্তভোগী জানান, জন্মনিবন্ধন করতে গিয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আখিকে ১০০ টাকা এবং হিসাব সহকারী গোলাম মোস্তফাকে ৬০ টাকা দিতে হয়েছে। সব মিলিয়ে তার কাছ থেকে নেওয়া হয়েছে ১৬০ টাকা। একই সঙ্গে বয়স্ক ভাতার ২ হাজার ১০০ টাকা থেকে ১০০ টাকা কেটে নেওয়ার অভিযোগও করেন তিনি।
আরেক সেবাপ্রত্যাশী বলেন, জন্মনিবন্ধনের আবেদন ফি বাবদ ৫০ টাকা দেওয়ার পরও হিসাব সহকারীকে আরও ৬০ টাকা দিতে হয়েছে। সব মিলিয়ে একটি জন্মনিবন্ধনের জন্য তাঁর খরচ হয়েছে ১১০ টাকা।
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আখি বলেন, তিনি শুধু ৫০ টাকা আবেদন ফি নেন। অতিরিক্ত ৬০ টাকা নেন হিসাব সহকারী গোলাম মোস্তফা। তার দাবি, এই টাকা নেওয়ার বিষয়টি চেয়ারম্যান, মেম্বার, সচিব, ডিডিএলজি ও ইউএনও সবাই জানেন।
তবে হিসাব সহকারী গোলাম মোস্তফার বক্তব্য কিছুটা ভিন্ন। তিনি বলেন, কাগজ-কালি কেনার জন্য অতিরিক্ত ১০ টাকা নেওয়া হয়। এ বিষয়ে প্রশাসকসহ সবাই জানেন। তবে সরকারি নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়ার এখতিয়ার নেই বলেও স্বীকার করেন তিনি।
অন্যদিকে ইউনিয়ন পরিষদের সচিব সাইদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধনের জন্য মোট ১১০ টাকা নেওয়া হয়। এর মধ্যে সরকারি ফি ৫০ টাকা, কম্পিউটার ফি ৫০ টাকা এবং কাগজ-কালির জন্য ৫০ টাকা। তাঁর দাবি, ইউনিয়ন পরিষদের সভায় এসব অতিরিক্ত চার্জ অনুমোদন দেওয়া হয়েছে। তবে বয়স্ক ভাতার টাকা থেকে ১০০ টাকা কেটে নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
কিন্তু সচিবের এই বক্তব্যের সঙ্গে একমত নন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, সরকারি ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো নিয়ম বা অনুমোদন নেই। হিসাব সহকারীর বক্তব্য অনুযায়ী প্রশাসকের অনুমতিতে অতিরিক্ত টাকা নেওয়া হয়—এমন দাবিও ভিত্তিহীন। বয়স্ক ভাতার টাকা থেকে ১০০ টাকা কেটে নেওয়ার কোনো নিয়ম নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো অনুমোদন নেই। এর আগেও এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই সেবা নিয়ে সংশ্লিষ্টদের পরস্পরবিরোধী বক্তব্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অতিরিক্ত অর্থ আদায়ের অনুমোদন যদি না-ই থাকে, তাহলে কার নির্দেশে এবং কোন খাতে নেওয়া হচ্ছে এসব টাকা? ইউনিয়ন পরিষদের সভায় অতিরিক্ত ফি অনুমোদনের দাবি সত্য হলে সেই সভার রেজুলেশন ও লিখিত সিদ্ধান্ত কোথায়? আর আদায় করা অর্থের হিসাবই বা কীভাবে সংরক্ষণ করা হচ্ছে?
সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষকে কেন নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হবে—এমন প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত, আদায় করা অর্থের হিসাব যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হোক। পাশাপাশি ইউনিয়ন পরিষদে সরকারি ফি-এর তালিকা প্রকাশ্যে টাঙানো ও প্রতিটি লেনদেনে রসিদ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা