

নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি সেবা গ্রহিতাদের সেবার অভিজ্ঞতা অধিকতর সুবিধাজনক করতে ডিজিটাল ভূমিসেবা সিস্টেম অ্যাপ্লিকেশন ও প্ল্যাটফর্ম দ্বিতীয় প্রজন্মে উন্নয়নের জন্য নির্দেশ দিয়েছেন।
আজ (২২ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিসেবা ডিজিটাইজেশন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে ভূমিমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ প্রদান করেন। ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, যেকোনো ডিজিটাল প্রযুক্তির মতোই ভূমিসেবা ব্যবস্থাপনা প্রযুক্তি একটি চলমান উন্নয়ন প্রক্রিয়া। ভূমিসেবা প্রযুক্তির চলমান অগ্রগতিকে এগিয়ে নিতে ব্যর্থ হলে দ্রুত গতিশীল বৈশ্বিক ডিজিটাল পরিমণ্ডলে পিছিয়ে পড়তে হবে। এতে সেবার মান বিঘ্নিত হতে পারে, এমনকি ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন হতে পারে।
মন্ত্রী এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইন প্রযুক্তির কৌশলগত ব্যবহারের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সাথে উল্লেখ করে বলেন, ভূমিসেবা সিস্টেমের উন্নয়নে এই প্রযুক্তিগুলো বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, প্রযোজ্য বিধিবিধান ও নীতিমালা সংস্কার করা হচ্ছে নিয়মিত। এছাড়া, প্রয়োজনীয় আইন সংশোধন এবং ক্ষেত্রবিশেষে আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
পূর্বের ম্যানুয়াল সেবা প্রদানের ধারা ও রীতিকে অধিকতর ডিজিটাল সেবাবান্ধব করার উদ্দেশ্যেই আমরা এসব কাজ করে যাচ্ছি, মন্ত্রী এ সময় যোগ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ল্যান্ড ম্যানেজমেন্ট ডোমেইন স্পেশালিস্ট সাবেক মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের চিফ টেকনিক্যাল এক্সপার্ট সাবেক সিনিয়র সচিব দিলওয়ার বখত সহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডিজিটাইজেশন প্রকল্পের পরিচালকবৃন্দ এবং ভূমিসেবা ডিজিটাইজেশন ভেণ্ডার কোম্পানির কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা