
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: সরাইলে দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর অর্থায়নে ৭টি দরিদ্র পরিবারের মাঝে ৭টি ছাগল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মমিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল জাব্বার। এছাড়াও অনুষ্ঠানে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু সহায়তা প্রদান নয়, দরিদ্র মানুষের হাতে আয়বর্ধক সম্পদ তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই টেকসই উন্নয়নের অন্যতম পথ। একটি ছাগল একটি পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস হয়ে উঠতে পারে। এর মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে সুক এর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও দ্রুত উন্নত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে মমিন হোসেন বলেন, সুক দীর্ঘদিন ধরে সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানের শেষে ৭টি দরিদ্র পরিবারের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ৭টি ছাগল তুলে দেওয়া হয়। ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এমন উদ্যোগ একটি পরিবারকে সহায়তার পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথও দেখায়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা