
হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় একের পর এক নলকূপ অচল হয়ে পড়ায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দে স্থাপন করা একটি গভীর নলকূপ ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জগদল ইউনিয়নের নতুন জগদল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। তবে নলকূপটির সরকারি না ব্যক্তিগত মালিকানা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের পানির সুবিধার জন্য নলকূপটি প্রথমে একটি বাড়ির উঠানে স্থাপন করা হয়েছিল। পরে সেটি ভেঙে ঘরের ভেতরে নেওয়া হয়। তবে আবু তালিবের দাবি, নলকূপটি সরকারি নয়; তাঁর এক আত্মীয় প্রবাস থেকে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ব্যক্তিগত উদ্যোগে এটি স্থাপন করে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ছায়ারুন বেগম জানান, নলকূপটি আনার সময় তাঁর জাতীয় পরিচয়পত্র এবং ছেলের স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছিল। তাঁর স্বামী মৃত আব্দুল মতিন। নলকূপটি সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে বলেই তাঁরা জানতেন।
একই এলাকার বাসিন্দা ছুরত আলী বলেন, কয়েক মাস আগে নলকূপটি বাড়ির উঠানে স্থাপন করা হয়েছিল। পরে তাঁর বড় ভাই সেটি ভেঙে ঘরের ভেতরে নিয়ে যান। সরকারি বরাদ্দে স্থাপন করা নলকূপ ব্যক্তিগতভাবে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অধিকার কারও আছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
স্থানীয় বাসিন্দা মুজাহিদ ও লিটন মিয়াও নলকূপটি সরকারি বলে জানার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, নলকূপটি প্রথমে বাড়ির উঠানে স্থাপন করা হলেও পরে ঘরের ভেতরে নেওয়া হয়। লিটন মিয়া বলেন, কিছুদিন আগে ওই বাড়িতে গেলে আবু তালিব নলকূপটি তাঁর ব্যক্তিগত বলে দাবি করেন।
অন্যদিকে মহব্বত আলী বলেন, তিনি সরকারি নলকূপ এনেছেন। তবে সেটি বাড়ির বাইরে স্থাপন করা হয়েছে এবং মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে পানি সংগ্রহ করেন। কাউকে পানি নিতে বাধা দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানান তিনি।
এ বিষয়ে আবু তালিবের বক্তব্য, নলকূপটি সরকারি নয়; তাঁর এক আত্মীয় প্রবাস থেকে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ব্যক্তিগত উদ্যোগে এটি স্থাপন করে দিয়েছেন। তাই নলকূপটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেন তিনি।
সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম বলেন, সরকারি নলকূপ ঘরের ভেতরে নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ সরকারি নলকূপ ঘরের ভেতরে নিয়ে গেলে নিজ খরচে সেটি বাড়ির বাইরে স্থাপন করতে হবে।
দিরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল খান বলেন, আবু তালিবের বাড়িতে সরকারি নিয়ম অনুযায়ী নলকূপটি বাইরে স্থাপন করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেটি ঘরের ভেতরে নেওয়া হয়ে থাকলে অভিযোগের সত্যতা যাচাই করে নিজ খরচে বাইরে স্থাপন করতে হবে।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে দেখবেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন রানা শামীম বলেন, আবু তালিবকে সরকারি নলকূপ দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে পরবর্তী সময়ে কী হয়েছে, তা তাঁর জানা নেই।
এদিকে নলকূপটির প্রকৃত অর্থায়ন ও মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি বরাদ্দে স্থাপন করা হয়ে থাকলে নলকূপটি জনসাধারণের ব্যবহারের উপযোগী স্থানে স্থাপন এবং বরাদ্দসংক্রান্ত নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা