
হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। উচ্চ আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের লোকজন কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন ছুপি মিয়া (৪২) নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের ধলবাদি মৌজার ৪৫ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগকারীর দাবি, ১৯৫৮ সালের ২৩ আগস্ট ১৫২৬ নম্বর দলিলমূলে তার পিতামহ হরছত উল্লা জমিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে উত্তরাধিকার সূত্রে তাঁরা জমির মালিকানা ও ভোগদখল লাভ করেন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সেটেলমেন্ট জরিপে প্রতিপক্ষ মনফর উল্লাহ গংদের নামে জমিটি রেকর্ডভুক্ত হয়। এ রেকর্ড সংশোধন ও মালিকানা প্রতিষ্ঠার জন্য তিনি ২০২০ সালে দিরাই সহকারী জজ আদালতে ২২ নম্বর স্বত্ব মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২৩ সালের ১০ জুলাই তাঁদের পক্ষে রায় দেওয়া হয় এবং ১১ জুলাই ডিক্রিতে স্বাক্ষর করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ সুনামগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ১৫৮/২০২৩ নম্বর টাইটেল আপিল দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের রায় ও ডিক্রি বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট আদালতের আদেশে উল্লেখ রয়েছে।
এরপর ওই রায়ের বিরুদ্ধে মালেকা বিবি ও অন্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের ৩১৫৫ নম্বর দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন।
মামলাটিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন ২০২৬ সালের ২৪ আগস্ট শুনানি শেষে ২০ দিনের বিলম্ব ক্ষমা করে মামলার নথি তলবের নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিপক্ষের প্রতি রুল জারি করেন। রুলের শুনানি না হওয়া পর্যন্ত আপিল মামলায় দেওয়া রায় ও ডিক্রির কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখার আদেশ দেন।
আদালতের আদেশে মামলার জমির দখল ও অবস্থান সম্পর্কে উভয় পক্ষকে এক বছরের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
ছুপি মিয়ার অভিযোগ, আদালতের ওই নির্দেশনা বহাল থাকা অবস্থায় গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে কাজ শুরু করেন। এতে বাধা দিলে তাঁকে মারধর এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।
এ ঘটনায় মনফর উল্লাহ (৬০), সুজন মিয়া (৪২), ধানু মিয়া (৩৮), জুবেল মিয়া (৩৬), সুজেল মিয়া (৩০), জবেল মিয়া (২৫), রাজা মিয়া (২৩) ও রেজান মিয়া (২০)-সহ আটজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগকারীর আশঙ্কা, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযোগপত্রের তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি দিরাই থানাধীন ধলবাদি চক মৌজার ৮৭ নম্বর জেএলভুক্ত। জমির এসএ খতিয়ান নম্বর ১৫০, আরএস খতিয়ান নম্বর ৩০৪ এবং নামজারি খতিয়ান নম্বর ৫৮২। এসএ ও আরএস দাগ অনুযায়ী জমির মোট পরিমাণ ৪৫ শতক।
একদিকে জমির মালিকানা নিয়ে নিম্ন আদালত ও আপিল আদালতের ভিন্ন ভিন্ন রায়, অন্যদিকে হাইকোর্টে বিচারাধীন দেওয়ানি রিভিশন মামলা এবং স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ—সব মিলিয়ে বিষয়টি আইনি গুরুত্ব পেয়েছে।
এদিকে আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং বিরোধপূর্ণ জমিতে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা