
হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়নে হাওর ও নদী রক্ষার লক্ষ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আমিন বকুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবির আহমদ।
হাওরের ফসল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা।
স্থানীয় জগদল বাজারে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। দিরাই উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে সভায় পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করে। কিন্তু বর্ষা মৌসুমে নদীর পানির চাপ ও প্রবল ঢেউয়ের আঘাতে অনেক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে হাওরে পানি প্রবেশ করে কৃষকের স্বপ্নের ফসল ক্ষতিগ্রস্ত হয়। বছরের পর বছর একই স্থানে বাঁধ নির্মাণ ও মেরামত করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।
বক্তারা আরও বলেন, শুধু মাটির বাঁধ নির্মাণ করে হাওর রক্ষা সম্ভব নয়। বাঁধের নদীর পাশের অংশে পরিকল্পিতভাবে ব্লক স্থাপন অথবা গাইডওয়াল নির্মাণ করা হলে বাঁধ আরও মজবুত ও টেকসই হবে। এতে প্রতিবছর একই বাঁধ মেরামতের পেছনে বিপুল অর্থ ব্যয় কমানো সম্ভব।
তাঁরা হাওরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রতিটি হাওরে পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা এবং নদ-নদীগুলো নিয়মিত খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য হাওরের অবশিষ্ট উঁচু ও পাকা জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে কৃষিজমির স্বাভাবিক অবস্থা নষ্ট হওয়ার পাশাপাশি গবাদিপশুর ঘাস খাওয়ার জায়গাও দিন দিন সংকুচিত হচ্ছে। তাই কৃষিজমি ও পরিবেশের ক্ষতি এড়িয়ে পরিকল্পিত উপায়ে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
নবগঠিত ৭ নম্বর জগদল ইউনিয়ন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি আব্দুল আমিন বকুল, সিনিয়র সহসভাপতি ফারুক আলী, সহসভাপতি আলকাবুর রহমান ও মির্জা হুসাইন, সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং অর্থ সম্পাদক সজীব দত্ত।
নবগঠিত কমিটির নেতারা হাওর, নদী ও কৃষকের ফসল রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর অস্থায়ীভাবে মাটির বাঁধ নির্মাণ ও সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্লক স্থাপন, গাইডওয়াল নির্মাণ, নদী খনন এবং পানি নিষ্কাশনের সমন্বয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা