
যায়যায়কাল প্রতিবেদক: সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ (এটা শাহবাগ চত্বর নয়)।
শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।
বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষে প্রায় ৪০ মিনিট বিতর্ক হয়।
দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলেও অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও এনিসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন।
এ সময় স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’
স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন।
তিনি বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা