

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ১১টি আসনে জয়ী হয়ে সংসদ সদস্য (এমপি) হয়েছেন উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজের সাবেক ১১ জন শিক্ষার্থী। আর মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন চার জন। এর মধ্যে মন্ত্রী দুজন আর প্রতিমন্ত্রী হয়েছেন দুজন।
তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া ১১ জন সাবেক শিক্ষার্থী হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন), চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম মাহমুদ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এবং বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।
এসব সংসদ সদস্যের মধ্যে পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) ও অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (শিল্প মন্ত্রণালয়)। আর প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন জুনাইদ আহমেদ পলক (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) এবং আহসানুল ইসলাম টিটু (বাণিজ্য মন্ত্রণালয়)।
এসব সাবেক শিক্ষার্থীর মধ্যে ঢাকা কলেজে পড়ার সময়ই সক্রিয়ভাবে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে নেতৃত্বে এসেছিলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়ার সময়ই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। পরে ঢাকা কলেজ ছাত্র সংসদের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে প্রথম জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। নাটোর-৪ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাকিরা বিভিন্ন সেশনে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করেছেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক শিক্ষার্থীদের সফলতায় খুশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সর্বশেষ কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি নুর আলম ভূইয়া রাজু বলেন, ১৮৪ বছরের প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ উপমহাদেশ ও দেশের অসংখ্য ইতিহাসের সঙ্গে জড়িত। স্বাধিকার আন্দোলনসহ অসংখ্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতাও বর্তমান সংসদেও বজায় রয়েছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা বজায় রাখতে মেধাভিত্তিক ছাত্ররাজনীতির ধারা অব্যাহত রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এমন অর্জনে খুশি ঢাকা কলেজ প্রশাসনও। বিষয়টি নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার যায়যায়কালকে বলেন, শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বরং বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছেন এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঢাকা কলেজের শিক্ষার্থী। এমন অর্জনে আমরা অনেক খুশি। আমরা চাই, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। একইসঙ্গে এমন ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে পড়াশোনার পাশাপাশি মেধা ও মননের বিকাশে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা