
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের চলমান দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র, গুজব এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ শে নভেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে নগরীর ৪২নং ওয়ার্ড থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাসিরাবাদ ওমেন কলেজ মোড়ে এসে সমবেত হন। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা জিইসি মোড় এবং দুই নম্বর গেট প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ফ্যাসিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলটি জিইসি এলাকার লর্ডস ইন হোটেলের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, "ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে বিতাড়িত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের প্রেতাত্মারা আজও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পলাতক ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে এবং দেশের ভেতরে ঘাপটি মেরে থেকে নানাভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে থেকেই কঠোরভাবে প্রতিহত করবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং ফ্যাসিবাদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো সর্বদা প্রস্তুত রয়েছে।"
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও মহানগর যুবদলের কার্যকরী সদস্য মো. আবু আহমেদ মিয়া, খুলশী থানা যুবদলের সদস্য ও ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাইনুদ্দিন, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজহারুল ইসলাম এবং ৪২ নম্বর ওয়ার্ড (ক-ইউনিট) স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরান হোসেন তাহের।
এছাড়াও কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর, খুলশী থানা ও ৪২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা