
আবুল খায়ের, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত নামের এক ব্যক্তি এবং হামলা-ভাঙচুরের মামলায় শফিকুল ইসলাম আরিফ নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চক করিম (তেলিপাড়া) এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পর হামলা-ভাঙচুরের অভিযোগে সৌরভের চন্দ্র মহন্তর বাবা বিশু চন্দ্র মহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। যার মামলা নং ৩১ এই মামলায় আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার গুজিপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।
অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে আমিনুল দাপাদার নামের এক ব্যক্তি বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক মামলা করেন। যার মামলা নং ৩০ এই মামলায় সৌরভ চন্দ্র মোহন্তকে অভিযুক্ত করা হয়েছে। মামলার পর রাতেই তঁাকে গ্রেফতার করে পুলিশ। একই ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অবমাননা এবং বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে। হামলায় ক্ষতিগ্রস্থ দীনেশ চন্দ্র মহন্ত জানায় একদল লোক সন্ধ্যায় এসে বাড়ীঘরে হামলা চালায় এবং ৩টি ছাগল ঘরের আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন । জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তঁারা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, পৃথক দুই মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাহারায় রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা