
হাসান আল-মামুন, পুঠিয়া(রাজশাহী): রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ মার্চ) দুপুরে এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা হচ্ছে এবং দোকানে কোনো হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মাংস ব্যবসায়ীকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার শিবু দাস (ভূমি) জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এই তদারকি শুরু হয়েছে। বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে এবং অসাধু উপায়ে দাম বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
বাজার সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা