
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: “মাদক ছেড়ে খেলায় চল, খেলাধুলায় বাড়ে বল”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সরাইল থানা চত্বর থেকে এ র্যালি বের হয়।
সরাইল থানা চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি অন্নদা মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “মাদকমুক্ত সরাইল চাই”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সরাইলের রাজপথ। র্যালিতে পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক ও সাংবাদিকসহ শত শত মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া। এছাড়া সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান ছিদ্দিক, সাবেক সদস্য সচিব নুর আলম, সাংবাদিক মো. আব্বাস উদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুল বারিক, জামাল খন্দকার, মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “মাদকমুক্ত সরাইল” গড়তে সচেতন নাগরিকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরদার করতে হবে।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা