
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী একটি ট্রাক উল্টে সড়কে ডিম ছড়িয়ে পড়ার পর তা কুড়াতে গিয়ে দ্রুতগতির বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার সোয়াদী গ্রামের জয়নাল হোসেন (৩০), ওবায়দুর শেখ (৪৫), আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের হাফিজুল মাতুব্বর (২৮) এবং বরগুনা সদর উপজেলার তুলশিবাড়িয়া গ্রামের জালাল খান (৩৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া ডিমবাহী ট্রাকটির একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এতে বিপুল পরিমাণ ডিম সড়কে ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে স্থানীয় লোকজন সড়কে নামলে ঢাকা থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।
প্রত্যক্ষদর্শী শুভ চক্রবর্তী বলেন, ডিম কুড়াতে থাকা লোকজনকে দ্রুতগতির বাসটি চাপা দিয়ে চলে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা