
যায়যায়কাল ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও পেট্রলবোমা ও ককটেল হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পুলিশের দাবি, এসব নাশকতার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও কয়েকজন নেতা-কর্মী নিজেরাই প্রচার করেছেন বলে জানা গেছে।
সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে বাসচালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্তত ২১টি জেলায় নাশকতা, সহিংসতা ও অবরোধের ঘটনা ঘটেছে। জেলাগুলো হলো ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নেত্রকোনা, খাগড়াছড়ি, খুলনা, নোয়াখালী ও লালমনিরহাট।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা ও দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর দলের নেতা-কর্মীরা এসব নাশকতা চালাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
একপর্যায়ে তাঁরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। পরে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে ফিরে এলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ সময় তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।
এদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকাতেও সড়ক অবরোধ করা হয়। এর আগে সোমবার রাতেও জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মশালমিছিলের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফরিদপুর শহরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মো. কালাচান নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট মহল্লার ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তাঁদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান দ্রুত বাইরে বের হয়ে আসেন। তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সাগরিকা ও কালুরঘাট এলাকায় সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
বরগুনার বেতাগীতে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করা হয়। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে একটি কলেজ বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
নাটোর শহরের টেক্সটাইল মোড়ে সোমবার রাতে পণ্যবাহী একটি ট্রাকে আগুন লাগে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমানের দাবি, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশ থেকে প্লাস্টিক পণ্যে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ট্রাকের কিছু পণ্য পুড়ে গেছে।
ঢাকার সাভার ও ধামরাইয়ের পৃথক দুটি স্থানেও সোমবার দিবাগত রাতে দুটি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাভারের উলাইলের ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়িতেও আগুন লাগে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে সোমবার গভীর রাতে লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও দুটি ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় অবরোধ চলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ওসি এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সরিয়ে দেন।
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার তালমা থেকে ভাঙ্গার পুখুরিয়া পর্যন্ত এ মিছিল করা হয় বলে দাবি করা হয়েছে। তবে নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি বলেন, তিনি একটি ভিডিও দেখেছেন। অন্য কোথাও মিছিল করে সেটিকে ওই এলাকার মিছিল বলে প্রচার করা হয়ে থাকতে পারে।
রাজশাহীর অভয় মোড় এলাকায় সোমবার গভীর রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়।
চট্টগ্রামের ফটিকছড়িতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে সোমবার মধ্যরাতে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। একই রাতে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রধান ফটকেও শিকল দিয়ে তালা দেওয়া হয়।
রাঙামাটিতে জেলা জজ আদালত ও প্রধান বন সংরক্ষকের কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে। এ ছাড়া অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
ফেনীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে রাতের আঁধারে তালা লাগান ছাত্রলীগের ব্যানারধারী কয়েকজন যুবক। বরগুনার বেতাগীতে সোমবার রাতে উপজেলা পরিষদ ভবন ও পরে বেতাগী সরকারি কলেজে তালা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী ও সুবর্ণচর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালানো হয়। সোমবার রাতে সোনাইমুড়ীতে এবং মঙ্গলবার ভোরে সুবর্ণচরে এসব ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোচটির চারটি আসন পুড়ে গেছে।
মোহনগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর কোচে ধোঁয়া দেখতে পান রেলকর্মীরা।
স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, আগুনে কোচের চারটি আসন পুড়ে গেছে। স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, এর আগে রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে পরে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হয়।
রাজশাহী নগরের বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন শাখার গ্রামীণ ব্যাংকে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। শাখাটির ব্যবস্থাপক আনিক বিন রশীদ বলেন, ব্যাংকের নিচতলায় আগুন দেখতে পেয়ে কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী শাখার গ্রামীণ ব্যাংক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে কার্যালয়ের ভেতরে বড় ধরনের ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী মো. সুজন মোল্লা এ ঘটনা ঘটিয়ে নিজেই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় মঙ্গলবার ভোরে আগুন দেওয়া হয়। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম এলাকায় সোমবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে কক্সবাজার শহরসহ জেলার অন্তত সাতটি স্থানে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফেনী শহরের দেওয়ানগঞ্জ এলাকায় পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
এ ছাড়া রাজশাহীর তানোর, খাগড়াছড়ির গুইমারা ও খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিএনপির তিনটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বটিয়াঘাটা থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক একটি ব্যানারে আগুন দিয়ে চলে যান। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার ঘটনায় জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশি টহল বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা