

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চকচকা গ্রামের কাঠিহারধর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্লাবন শুভ (২৫) পৌর ছাত্রলীগের আহ্বায়ক। তিনি ওই এলাকার ধরম চাঁদ গুপ্তর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান সাদিক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় ২২ অক্টোবর স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়।
সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভকে গ্রেপ্তার করে পুলিশ।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান সাদিক বলেন, শনিবার বিকেলে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা