
যায়যায়কাল ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর আবার কোচিংয়ে ফিরলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নিজ দেশ ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।
১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি স্কোয়াডের সদস্য জিদান ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পদে নিয়োগ পেয়েছেন এক সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন দীর্ঘ ১৪ বছর ধরে এই দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের। এর আগে দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা জেতেন জিদান।
৫৪ বছর বয়সী জিদানের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। অর্থাৎ আগামী ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত কিলিয়ান এমবাপে-ওসমান দেম্বেলেদের সঙ্গে কাজ করবেন তিনি। সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের দায়িত্ব ছাড়ার পর শুধু ফ্রান্স জাতীয় দলের কোচই হতে চেয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোনো মূল দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছাড়াই ২০১৬ সালে রিয়ালের প্রধান কোচ হয়েছিলেন জিদান। এরপর মাত্র আড়াই বছরের মধ্যে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য ও ঐতিহাসিক রেকর্ড গড়ে লস ব্লাঙ্কোরা। বুটজোড়া তুলে রাখার আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলেছিলেন তিনি।
প্রথম দফায় ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি। এরপর ২০১৯ সালের মার্চ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তাকে সান্তিয়াগো বার্নাব্যুর দলটির ডাগআউটে দেখা গিয়েছিল তাকে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, আধুনিক ফুটবলের অন্যতম সফল এই কোচ এখন পর্যন্ত যে অসাধারণ যাত্রার মধ্য দিয়ে নিজের খ্যাতি ও সাফল্য গড়ে তুলেছেন, তা এক নজরে দেখে নেওয়া যাক:
২০১৩: রিয়ালে অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন জিদান।
২০১৪: রিয়ালের রিজার্ভ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি।
২০১৬: রিয়ালের মূল দলের ডাগআউটে ছাঁটাই হওয়া স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হন এই কিংবদন্তি।
২০১৬-১৮ মৌসুম: রিয়ালকে জেতান টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এছাড়া, একটি লা লিগা ও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছিল ক্লাবটি।
২০১৮: টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাত্র পাঁচদিন পরই কোচের পদ ছাড়েন জিদান। রিয়ালে নতুন চিন্তাধারার প্রয়োজন উল্লেখ করে সরে দাঁড়ান তিনি।
২০১৯: ক্লাবের প্রয়োজনে দ্বিতীয় দফায় আবার রিয়ালের দায়িত্ব নেন এবং পরবর্তী মৌসুমেই (২০১৯-২০) রিয়ালকে আরও একটি লা লিগা শিরোপা এনে দেন।
২০২১: ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত সমর্থনের অভাবের কথা উল্লেখ করে মে মাসে পুনরায় রিয়াল ছাড়েন এই ফরাসি মাস্টারমাইন্ড।
রিয়ালে জিদানের সাফল্যে মোড়ানো অধ্যায় (২০১৬-১৮, ২০১৯-২১):
মোট ম্যাচ: ২৬৩
জয়: ১৭৪
ড্র: ৫৩
হার: ৩৬
জয়ের হার: ৬৬.২%
অর্জিত শিরোপাসমূহ: ১১টি
চ্যাম্পিয়ন্স লিগ (তিনটি): ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮
লা লিগা (দুটি): ২০১৬-১৭, ২০১৯-২০
উয়েফা সুপার কাপ (দুটি): ২০১৬, ২০১৭
ফিফা ক্লাব বিশ্বকাপ (দুটি): ২০১৬, ২০১৭
স্প্যানিশ সুপার কাপ (দুটি): ২০১৭-১৮, ২০১৯-২০।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা