
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত এম এ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি অডিও রেকর্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের ওই অডিওতে ‘মামুন’ নামে এক ব্যক্তিকে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা এবং এলাকায় ‘গেরিলা বাহিনী’ গড়ে তোলার নির্দেশ দিতে শোনা যায়।
তবে রেকর্ডের কণ্ঠ বিপ্লবের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও এর সত্যতা যাচাই করা যায়নি।
অডিও রেকর্ডে মামুনের উদ্দেশে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘যুবলীগের জেলার সভাপতি প্রার্থী হইছি। ৭-৮ বছর টিপু (লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ উদ্দিন টিপু) অব্যাহতি দেওয়ার পর থেকে সব এলোমেলো, কোনো মিল নাই।’
‘দিনে সুন্দর কথা কইয়াম, সুন্দর পাঞ্জাবি পরি হাঁটিয়াম। ৫-৬টা গেরিলা হোলাহাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’
কথোপকথনের শেষ অংশে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
অডিও রেকর্ডের বিষয়ে জানতে বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তার ফোন বন্ধ রয়েছে।
বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ছিলেন। তার বড় ভাই এ কে এম সালেহ উদ্দিন টিপু সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি।
জানতে চাইলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি অডিও পেয়েছি। অডিওতে আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা ও মানুষ হত্যার কথা শোনা গেছে।
তিনি বলেন, জেলায় কেউ নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে জেলা পুলিশ সব সময় সজাগ রয়েছে। পুলিশ অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখবে না, দেখবে তার অপরাধ।
২০০০ সালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে আদালত বিপ্লবকে মৃত্যুদণ্ড দেন। ২০১১ সালে আত্মসমর্পণের পর তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরের বছর কামাল ও মহসিন হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়।
এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তার নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে দেশজুড়ে আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালে তিনি কারামুক্ত হন।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা