
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: মানবাধিকার সুরক্ষা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শহরের মসজিদ রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুজন সরকার। স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি উত্তম কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম প্রধান শর্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা ধরনের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। এসব অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, মানবাধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ সুযোগ নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্র বা প্রশাসনের একার নয়, সমাজের প্রতিটি নাগরিকেরও রয়েছে। নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরের মানুষের মধ্যে মানবাধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় এইচআরডিএসের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
এ সময় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে সোচ্চার থাকা এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত অপু, খোকন মিয়া, সাদ্দাম হোসেন, সামাজিক সংগঠক পারভেজ আহমেদ, আবদাল হোসেন, মোজাম্মেল আহমেদ, প্রশান্ত দেবনাথ ও ইমন সরকারসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় মানবাধিকার সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা