
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে সাহানা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার উত্তর বরগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যু ঘিরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। শিশুটির মায়ের পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
নিহত সাহানা উত্তর বরগ গ্রামের জলিল মিয়ার মেয়ে। তার মা তানজিলা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সাহানার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর তানজিলা আলাদা হয়ে গেলে সাহানা তার বাবা ও সৎ মায়ের সঙ্গে বসবাস করত।
সোমবার সকালে শিশুটির মৃত্যুর খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মফিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা