
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর-চেঙ্গারবাজার সড়ক যেন এখন এক নীরব মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
প্রায় ১০ কিলোমিটারজুড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সহস্রাধিক আকাশমনি গাছ শুকিয়ে গেছে। অনেক গাছ হেলে পড়েছে সড়কের দিকে, আবার অনেক গাছের ডালপালা ভেঙে ঝুলে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়দের আশঙ্কা—যেকোনো সময় এসব গাছ ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি।
সরেজমিনে মৌজপুর থেকে চেঙ্গারবাজার পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে অসংখ্য আকাশমনি গাছ মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। কোথাও গাছের গা ফেটে গেছে, কোথাও খসে পড়ছে বাকল। আবার কিছু গাছের গোড়া কেটে নেওয়ার চিহ্নও দেখা গেছে।
স্থানীয়দের দাবি, রাস্তার সংস্কার কাজের পর থেকেই ধীরে ধীরে গাছগুলো মারা যেতে শুরু করে। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি রাতের আঁধারে কয়েকটি শুকনো গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সিএনজি চালকরা মিলে গাছ সরিয়ে রাস্তা স্বাভাবিক করেন।
এদিকে রাতের আঁধারে শুকনো গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় গিয়ে অনেক গাছের কাটা গোড়া দেখা যায়। তবে কারা এসবের সঙ্গে জড়িত—তা প্রকাশ্যে বলতে চান না কেউ।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি এই বিপুল সম্পদ নষ্ট হলেও কেন নেই কার্যকর নজরদারি? দ্রুত ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা