
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৮ জন স্বাস্থ্য সহকারী (হেলথ অ্যাসিস্ট্যান্ট) যোগদান করেছেন।
বুধবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন।
দীর্ঘদিনের জনবল সংকটের মধ্যে এই নিয়োগ উপজেলার তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচিতে খানিকটা স্বস্তি ও নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
নবাগতদের আগমন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এক উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান নবনিযুক্ত ১৮ জন স্বাস্থ্য সহকারীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিসিসি কন্ট্রোল) ডা. আলী আহমদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পুলক চন্দ্র দেব, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) চন্দনা চক্রবর্তীসহ অন্যান্য সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান নবাগত স্বাস্থ্য সহকারীদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং তাঁদের সুন্দর ও সফল কর্মজীবন কামনা করেন।
উল্লেখ্য, ৫০ শয্যার এই হাসপাতালের ওপর মাধবপুর ছাড়াও পার্শ্ববর্তী নাসিরনগর ও বিজয়নগর—মোট তিনটি উপজেলার বিপুল সংখ্যক মানুষ নির্ভরশীল। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের জনবল সংকটে হাসপাতালটির সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ১৮ জন স্বাস্থ্য সহকারী যোগদান করায় মাঠপর্যায়ের সেবায় চলমান সংকট কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে হাসপাতালের অভ্যন্তরীণ চিকিৎসা সেবা পুরোপুরি সচল রাখতে শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা