

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বেলা ৩টায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো - রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। এ ঘটনায় আহত হয়েছেন - রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহত ব্যক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিলো। খুঁটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।
ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হবে।
এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সন্ধ্যায় নিহতদের মরদেহ সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য নরসিংদী প্রেরণ করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা