
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা বর্জন করেছে স্থানীয় বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অনুষ্ঠানের প্রধান অতিথি করাকে কেন্দ্র করে দলটি এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। একই দিনে উপজেলা বিএনপি পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ মিছিলও আয়োজন করে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতের আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “বিএনপিকে তো মানতেই হবে, জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই বাস্তবতাকে তাদের মেনে নিতে হবে।”
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যম এখন শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রায় সবার হাতেই গণমাধ্যম রয়েছে। যারা শুনতে চাইবে, তারা শুনবে। এভাবে কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার আমলে আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটি যদি গণতন্ত্র না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতন্ত্র বলা যায়?”
অন্যদিকে, অনুষ্ঠানে বিএনপির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমাদের দৃষ্টিতে তিনি ফ্যাসিবাদকে লালন করেছেন এবং আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। তাই তাঁর উপস্থিতিতে আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা সমীচীন মনে করিনি।”
উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, “তিনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাদের প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন বলে আমরা মনে করি। এ কারণেই উপজেলা বিএনপি অনুষ্ঠানটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একই দিনে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটাধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সরকারি কর্মসূচি এবং উপজেলা বিএনপির পৃথক কর্মসূচি ঘিরে দিনব্যাপী সরাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা