
মোঃ জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। পাশাপাশি রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা