
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সরাইল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মতিউরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়, সে বিষয়ে বাস্তবধর্মী অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। পাশাপাশি ভূমিকম্পের সময় আত্মরক্ষা ও নিরাপদে বেরিয়ে আসার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, জেলা বিএনপির সদস্য ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, তাৎক্ষণিক করণীয় এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে আগাম প্রস্তুতি গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা