

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সাংবাদিক মো. আ. মজিদ খাঁনের ওপর হামলার ঘটনায় পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছেন। পলাতক রয়েছেন আরও দুই আসামি।
দিনাজপুর আদালত সূত্রে জানা গেছে, মামলার তিন আসামি মো. জামাল শেখ, মো, কামাল শেখ, মো. আলামিন শেখ গত ৫ সেপ্টেম্বর আদালতে উপস্থিত না হওয়ায় ওয়ারেন্ট জারি করেন। গত ৭ অক্টোবর বোচাগঞ্জ থানায় ওয়ারেন্টের কাগজ আসে ।
বোচাগঞ্জ থানার এসআই মুসলিম ও তার টিম নিয়ে মামলার এক নম্বর আসামি জামাল শেখকে গ্রেফতার করে। কামাল শেখ ও আলামিন শেখ পালাতক রয়েছে। এক নম্বর আসামি জামাল শেখকে বোচাগঞ্জ থানায় নিয়ে যায়।
পরে আসামির মা মোছা. জামিরন ওরফে রিনা (৬৫) গত সোমবার দিবাগত রাতে আনুমানিক দেড়টার দিকে তার দলবল নিয়ে অতর্কিতভাবে সাংবাদিক মো. আ. মজিদ খাঁনের বাড়িতে এসে হামলা করে। উচ্চ কন্ঠে চিৎকার দিয়ে দরজায় বিকট শব্দ করেন। সাংবাদিক মজিদের পরিবারের ভয়ে ঘুম থেকে উঠে পড়েন। তাৎক্ষণিকভাবে বোচাগঞ্জ থানায় ফোন দিলে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার পুলিশের ফোর্স পাঠান। এসআই হাশেম ও তার টিম ঘটনাস্থলে আসে । তারপর রিনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ওই সময় তার সাথে থাকা দলবল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
যাওয়ার সময় রিনা বলে যায়, তোদের কে দেখে নেব। খুন, গুম ও মিথ্যা বানোয়াট হয়রানিমূলক মামলা দিয়ে জেল খাটাব।
অভিযোগ আছে, রিনা একজন চিহ্নিত মাদক কারবারি। চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি করেন তারা। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানা ও দিনাজপুর কোর্টে একাধিক মামলা রয়েছে। সেই সুবাদে বিশাল কয়েকটি গ্যাং এর সাথে জড়িত আছে বলে এলাকা সূত্রে জানা যায় ।
মামলার বাদী সাংবাদিক মজিদ পরিবারসহ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সাংবাদিক মো. আ. মজিদ খাঁন জানান, ২০১৭ সালের ৯ জুন বিকালে হিলিপোর্ট এলাকার হাসপাতাল রোডের সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন তার বড় দুলাভাই আব্দুর রহমানের বাড়ি থেকে আসার পথে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। তার পকেটে থাকা ২ হাজার ১৫০ টাকা এবং দৈনিক একুশে সংবাদ পত্রিকার পরিচয়পত্রসহ জরুরি কাগজপত্র নিয়ে চলে যায়। যাওয়ার সময় দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন মো. জামাল শেখ, মো, কামাল শেখ, মো. আলামিন শেখ ও তার দলবল। তাদের পিতা লালন ফকির। তারা বোচাগঞ্জ থানার কলেজ রেলগেট সংলগ্ন ঠোঙ্গা পট্টিতে বসবাস করে।
এ ঘটনায় একই বছরের ১৫ জুন নয়জনকে আসামি করে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। দীর্ঘদিন মামলা চলার পর রাষ্ট্র এ মামলার বাদী হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা