
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা নিয়ে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চাহিদা ও জনগণের প্রত্যাশার আলোকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হবে। জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাতক্ষীরার মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সেবা করা আমার দায়িত্ব।’
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। সভায় জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবণী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ড ও সাতক্ষীরা পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। যুব-নেতৃত্বাধীন নির্বাচনী ইশতেহারের আলোকে সাতক্ষীরার স্থানীয় উন্নয়নের চাহিদা নিরূপণ প্রতিবেদন উপস্থাপন করেন সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান।
সভায় জানানো হয়, ২০২৫ সালের অক্টোবরে সাতক্ষীরায় বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘ইলেকশন মেনিফেস্টো সংলাপে’ জেলার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে এসব দাবি উপস্থাপন করা হয়েছিল। ওই সময় দেওয়া প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবেই এ ফলোআপ সভার আয়োজন করা হয়।
সভায় সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, প্রাণসায়র খালের আধুনিকায়ন এবং সীমান্তে মাদক ও চোরাচালান রোধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সাতক্ষীরায় রেল যোগাযোগ চালু, জলবায়ু-সহনশীল কৃষির প্রসার, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ এবং সামাজিক শান্তি-সম্প্রীতি জোরদারের বিষয়ও আলোচনায় উঠে আসে। সভায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বর্তমান অগ্রগতি পর্যালোচনা, অসম্পূর্ণ উদ্যোগ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা