
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয় এক ভিডিওবার্তায় অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করায় একটি পক্ষ তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করছে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের কাছে তার অভিযোগের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাধবপুর ও ঢাকায় সাংবাদিকতা করে আসছেন। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, পৌরসভায় কর পরিশোধ করতে গিয়ে অপমানিত ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হন।
আজিজুর রহমান জয়ের দাবি, পরবর্তীতে তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে অপপ্রচার চালিয়ে কয়েকজন ব্যক্তি পুলিশের হাতে তুলে দেন। এর ফলে তাকে প্রায় সাড়ে চার মাস কারাভোগ করতে হয়েছে। তবে তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত তার বিরুদ্ধে আওয়ামী লীগের সদস্য হওয়ার কোনো প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সমস্যা-সংকট নিয়ে সংবাদ প্রকাশ করাই তার পেশাগত দায়িত্ব, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করা নয়।
ভিডিওবার্তায় তিনি আরও দাবি করেন, কারাগারে থাকাকালে তার হাত ভেঙে যায়। বর্তমানে আর্থিক সংকটের কারণে তিনি যথাযথ চিকিৎসা করাতে পারছেন না। একই সঙ্গে তার অভিযোগ, তার স্ত্রী—সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান—কেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
ভিডিওবার্তায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমি ভাইরাল হতে চাই না, শুধু বিচার চাই। আমি যদি কারও কোনো ক্ষতি না করে থাকি, তাহলে একজন সাংবাদিক হিসেবে দয়া করে আমার পাশে দাঁড়ান।"
তিনি দাবি করেন, তার উত্থাপিত অভিযোগের সমর্থনে ভিডিও ফুটেজ ও কল রেকর্ড রয়েছে।
ভিডিওবার্তায় তিনি মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ এস এম ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং দেশের জনগণের প্রতি তার অভিযোগ তদন্ত করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আজিজুর রহমান জয়ের ভিডিওবার্তায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা