

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে একটি প্রসাধনী কোম্পানির বিজ্ঞাপন কার্যক্রম করা হয়েছে।
বুধবার দুপুরে তৃতীয় ঘন্টা পর মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ৪র্থ ঘন্টা না করিয়ে এই বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করে একটি কোম্পানি।
সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ক্লাস বন্ধ করে সচেতনতার কথা বলে সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিজ্ঞাপন করছে ইউনিলিভার কোম্পানি। ঐ স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে সকল মেয়ে শিক্ষার্থীদের তৃতীয় তলার বড় কক্ষে একসাথে গাদাগাদি করে বসিয়ে এমন কার্যক্রম করতে দেখা যায়। গুরুত্বপূর্ণ ক্লাস বাদ দিয়ে এমন কার্যক্রম করার কোন নিয়ম না থাকলেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা অফিসকে অবহিত না করে বিজ্ঞাপনের অনুমতি দেন ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভ্রা দত্ত বলেন, ইউনিলিভার কোম্পানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করছে তাই আমরাও করেছি। এগুলো শিক্ষা অফিসকে অবহিত করার কথা আমার জানা নেই। ক্লাস কার্যক্রম বন্ধ রেখে বিজ্ঞাপন কেন এমন প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেননি তিনি।
বিষয়টি জানতে ঐ বিদ্যালয়ের সভাপতি খোরশেদুল আলম চৌধুরীকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাঈনুদ্দিন মজুমদার বলেন, উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা অফিসকে অবহিত না করে এ ধরনের কার্যক্রম করা আইনবহির্ভূত এবং অপরাধ। আপনার মাধ্যমে জানতে পেরেছি শীঘ্রই এই নিয়ে একটি মিটিং করে সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ধরনের কার্যক্রমের যেনো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক করা হবে।
জানতে চাইলে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তায় এবিএম মশিউজ্জামান বলেন, ক্লাস কার্যক্রম বন্ধ রেখে বিজ্ঞাপন করা মোটেও উচিত হয়নি। এমন কার্যক্রম করতে হলে সংশ্লিষ্ট অফিসকে জানিয়ে করতে হবে। ক্লাস বন্ধ রেখে এধরনের কার্যক্রম যদি হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা