
যায়যায়কাল ডেস্ক: দেশের ২৩ জেলায় একযোগে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে বাস, ট্রাক, সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রেললাইন ও রেলসংযোগের অবকাঠামোতেও অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি ট্রেনের কোচে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন। এর আগে সকালে কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া বিভিন্ন জেলায় সরকারি দপ্তর, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নাশকতার ঘটনাগুলো ঘটেছে গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বক্সের ভেতরে থাকা চেয়ার ও আসবাবপত্র পুড়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।
একই উপজেলার তৈলদ্বীপ এলাকায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে বুধবার রাতে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেন।
বাঁশখালী উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে বৃহস্পতিবার ভোরে গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময়ে উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, একটি পিকআপের ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। অন্য গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে এ ঘটনা ঘটে। এ সময় পালানোর চেষ্টা করলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন।
ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেকে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে যানবাহন দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী ও চালকরা নিরাপদে বেরিয়ে আসেন।
অন্যদিকে জেলার ফতুল্লায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের একটি পিলার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। এ ঘটনায় পিলারটির নিরাপত্তা বিবেচনায় ওই অংশ দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনায় পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল নিক্ষেপের পর পালানোর সময় মো. শাহিন নামে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ২টা ২৫ মিনিটে নগরের আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে টার্মিনালে রাখা দুটি বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়। এতে একটি বাসে আগুন ধরে যায় এবং অন্যটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে রাত সোয়া ১১টার দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ঈশ্বরদী-বানেশ্বর সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখাসংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন দুটি মুদিদোকানে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বিয়াঘাট হাটপাড়া এলাকায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আগুনে দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে এ ঘটনা ঘটে। এতে মিলনায়তনের দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ইউএনও তামারা তাসবিহা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
এদিকে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে বুধবার দিবাগত রাত দুইটার দিকে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
জেলার আতাইকুলা, ভাঙ্গুড়া, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় মশালমিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টার পর উপজেলার সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার উড়ালসড়ক থেকেও নিচের দিকে পেট্রলবোমা ছোড়া হয়। এতে কিছু সময়ের জন্য ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পরে আগুন নিভে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের বাসটির কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা তা নিভিয়ে ফেলেন।
অন্যদিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন একটি কাঠের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে পরিচালিত এ অভিযানে দোকানমালিক জসিম মিয়াকে আটক করা হয়।
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি কোচে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টা ১৫ মিনিটে জারিয়া-ময়মনসিংহ রেলপথের বিসকা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনের ১৮৯৬ নম্বর কোচের দুটি আসন পুড়ে যায়। গৌরীপুর জংশনের স্টেশনমাস্টার আতাউর রহমান জানান, ট্রেনটিতে তখন যাত্রী কম ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের ভালুকায় পার্ক করে রাখা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। বাসটির ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তিনি দ্রুত বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।
নেত্রকোনায় ট্রেন, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জেলা সদর ও বারহাট্টা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
পূর্বধলার জারিয়া রেলস্টেশন সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে বিসকা স্টেশনে পৌঁছালে একটি কোচে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখায় অগ্নিসংযোগ করা হয়। শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মধুসূদন সরকার জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের একটি জানালা খুলে প্লাস্টিকের বোতলে রাখা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে একটি কাঠের চেয়ার পুড়ে যায় এবং পাশের স্টিলের আলমারি কালো হয়ে যায়।
সিলেট নগরের চালিবন্দর এলাকায় চারটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে সিলেট ল কলেজের পাশের একটি স্থানে পার্ক করে রাখা বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে চারটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে কার্যালয়ের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক আবু হানিফ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট লেভেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়। বুধবার রাত সোয়া ১১টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ ঘটনা ঘটানো হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. খায়রুল আলম।
এ ছাড়া বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় রেলওয়ের একটি সংকেত বাক্সে আগুন দেওয়া হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আবদুল কুদ্দুস জানান, আগুন বাক্সের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার বড় কোনো ক্ষতি হয়নি।
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে ভবনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে কার্তিকদিয়া গ্রামের ঝাউতলা এলাকার কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে অভিযোগ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যান, নেতা-কর্মীদের ছবি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়। দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘লকডাউন’ লেখা দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান।
ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজের পাশের এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে বুধবার রাতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে পদ্মা সেতু হয়ে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের একটি বারান্দায় চেয়ারের ওপর রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। টিফিন বক্সের মতো দেখতে পাত্রের ওপর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি পাওয়ার পর সেটি পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, বস্তুটি সেখানে কে বা কারা রেখেছে, তা শনাক্তে কাজ চলছে। সিসিটিভি ফুটেজে ভোরের দিকে চাদর ও মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে কার্যালয় চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।
অন্যদিকে রংপুর মহানগরীতে একটি পার্ক করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত চারটার দিকে দর্শনা রোডে বিএসটিআই কার্যালয়ের কাছে সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। আগুনে শাপলা পরিবহনের বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনোয়ারুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দেশের বিভিন্ন স্থানে এসব হামলা, অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা