
যায়যায়কাল প্রতিবেদক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের বিরতি শেষে আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মীদের যাত্রা। তবে এবারের উদ্যোগে সবচেয়ে বড় চমক—প্রথম দফায় নির্বাচিত ১১২ জন কর্মী সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের বিমানভাড়াসহ বিদেশযাত্রার যাবতীয় খরচ বহন করবে মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠান।
আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে এসব কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এই ১১২ জন কর্মী নিয়োগ দিয়েছে।
বোয়েসেলের কর্মকর্তারা জানান, কর্মীদের বিমানভাড়া, অভিবাসন প্রক্রিয়াসহ বিদেশযাত্রাসংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে প্রথম পর্যায়ে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর সরকারি উদ্যোগের যাত্রা শুরু হচ্ছে।
দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাবনাময় হলেও নিয়োগপ্রক্রিয়ায় সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কয়েক দফায় শ্রমবাজার বন্ধ ও চালুর ঘটনা ঘটলেও অনিয়মের অভিযোগের কারণে বারবার সংকটে পড়েছে কর্মী পাঠানোর প্রক্রিয়া।
২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
এর আগে ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সালেও বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগ কার্যক্রম বন্ধ বা বাধাগ্রস্ত হয়েছিল।
এমন পরিস্থিতিতে পুরোনো নিয়োগব্যবস্থার বাইরে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল কর্মী নির্বাচনে লটারিভিত্তিক পদ্ধতি চালু করেছে।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় তাঁদের বাদ দেওয়া হয়। এরপর অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে নতুন করে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে বাছাই করে বোয়েসেল।
পরবর্তী সময়ে পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার জন্য চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচিত হন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে এবারই প্রথম লটারিভিত্তিক বাছাই পদ্ধতি চালু করেছে বোয়েসেল।
তাঁর ভাষ্য, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং কোনো অর্থ ব্যয় ছাড়াই যে বিদেশে চাকরির সুযোগ তৈরি করা সম্ভব, তা দেখানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিনা খরচে কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের পাশাপাশি মালয়েশিয়ায় নিয়মিত নিয়োগপ্রক্রিয়াও চালু রয়েছে। এ ক্ষেত্রে ২৫টি রিক্রুটিং এজেন্সি এবং ৩১২টি সহযোগী এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে।
চলতি মাসের শুরুতে নিয়মিত নিয়োগব্যবস্থার আওতায় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত অঙ্কের বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে বোয়েসেলের মাধ্যমে নির্বাচিত ১১২ জন কর্মীর ক্ষেত্রে কোনো অভিবাসন ব্যয় দিতে হচ্ছে না। তাঁদের বিদেশযাত্রার যাবতীয় খরচ বহন করবে মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠান।
দীর্ঘদিনের অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশি কর্মীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, নতুন এই উদ্যোগ তা কাটিয়ে ওঠার একটি সম্ভাবনা তৈরি করেছে।
তবে শুধু প্রথম দফায় বিনা খরচে কর্মী পাঠানোই যথেষ্ট নয়; পুরো নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতেও একই ধরনের সুযোগ সম্প্রসারণ করাই হবে বড় চ্যালেঞ্জ।
সরকারের ১০ হাজার কর্মী বিনা অভিবাসন ব্যয়ে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা