
যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে।
সোমবার বিএসটিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস আমের আচার এবং টোটাল মিল্ক সলিড নন ফ্যাট বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় পাওয়ায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম বাজার থেকে প্রত্যাহারে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছে বিএসটিআই। অন্যদিকে ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানমাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়ার কারণে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিএসটিআই বলেছে, পরীক্ষায় অকৃতকার্য পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে প্রত্যাখ্যান পত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত উক্ত পণ্য দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটা জানিয়েছে বিএসটিআই।
জনগণ যাতে মানসম্মত পণ্য ক্রয় করতে পারে, এ বিষয়ে বিএসটিআই প্রতিশ্রুতিবদ্ধ—এমনটাই জানালেন সংস্থাটির মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, মানসম্মত পণ্য জনগণের অধিকার। পণ্য ক্রয়ের আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ক্রেতাদের যাচাই করতে হবে। এ ছাড়া কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা অথবা বিএসটিআইর মানচিহ্নের অপব্যবহার–সংক্রান্ত অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।
এদিকে বিএসটিআইয়ের নির্দেশনার পরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘বিএসটিআই কর্তৃপক্ষ বেলিসিমো ব্র্যান্ডের রোটনডো (ব্যাচ নং-২৬০৫০১০১এ) এর টোটাল মিল্ক সলিড নন–ফ্যাট মান নির্ধারিত মানদণ্ডের (স্ট্যান্ডার্ড ১০–১১) চেয়ে বেশি পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা গত ২ জুলাই পুনরায় নমুনা পরীক্ষার জন্য আবেদন করেছি।’
এ বিষয়ে বিএসটিআই প্রতিনিধির সঙ্গে পরামর্শ হয়েছে জানিয়ে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ বিবৃতিতে আরও বলেছে, ‘বর্তমানে পুনরায় পরীক্ষার জন্য নমুনা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। আমরা বিএসটিআইয়ের নির্ধারিত মান ও বিধিমালার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং তা যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা