শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গুলি: বন্দুক কেড়ে নিয়ে ‘বীর’ উপাধি পেলেন এক মুসলিম

যায়যায়কাল ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে আজ রোববার সন্ধ্যায় দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন। এ সময় এক বন্দুকধারীকে নিরস্ত্র করেছেন এক পথচারী।

তার সাহসিকতার কারণে আরও মানুষ গুলির হাত থেকে রক্ষা পেয়েছেন। দারুণ সাহসী এই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ।

অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম সেভেন নিউজকে আহমেদের চাচাতো ভাই মুস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৪৩ বছর বয়সী আহমেদ দুই সন্তানের জনক। পেশায় ফল ব্যবসায়ী আহমেদ সিডনির বাসিন্দা। বন্দুকের ব্যবহার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ঘটনার সময় তিনি ওই বন্দুকধারীর অদূরে ছিলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের সেন্ট জর্জ হাসপাতালের বাইরে সেভেন নিউজের সঙ্গে কথা বলছিলেন মুস্তফা।

তিনি জানান, আহমেদের গায়েও দুটি গুলি লেগেছে। একটি গুলি বাহুতে, আরেকটি হাতের আঙুলে লেগেছে। তার অস্ত্রোপচার করতে হচ্ছে।

মুস্তফা বলেন, ‘তিনি (আহমেদ) হাসপাতালে আছেন। ভেতরে কী হচ্ছে, আমরা তা ঠিক জানি না।’ তিনি আরও বলেন, ‘আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি শতভাগ একজন নায়ক।’

সিডনি মর্নিং হেরাল্ড ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কালো শার্ট ও সাদা প্যান্ট পরা এক বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেড কার পার্কিংয়ের পাশে দুটি ময়লা ঝুড়ির পাশে দাঁড়িয়ে কাছের সমুদ্রসৈকতে থাকা মানুষের দিকে গুলি ছুড়ছেন। তার সঙ্গে ঝোলানো একটি কালো ব্যাগ আছে। এ সময় সাদা এবং কালো প্যান্ট পরা এক ব্যক্তি পার্কিংয়ে থাকা গাড়ির ফাঁক দিয়ে বন্দুকধারীর দিকে সন্তর্পণে এগিয়ে যান।

তিনি পেছন থেকে বন্দুকধারীর গলায় হাত দিয়ে জড়িয়ে ধরেন। ধস্তাধস্তি শুরু হয়। তখন দ্বিতীয় এক পথচারীও বন্দুকধারীকে নিরস্ত্র করতে এগিয়ে যান। কিন্তু তিনি ধস্তাধস্তিতে যুক্ত হওয়ার আগেই বন্দুকধারী মাটিতে পড়ে যান। বন্দুকটিও মাটিতে পড়ে যায়। বন্দুকটি প্রথম পথচারী নিয়ে নেন। এরপর তা ওই বন্দুকধারীর দিকে তাক করেন।

এরপর গুলিবর্ষণকারী ব্যক্তি পেছনে সরে গিয়ে গাড়ি পার্কিংয়ের পাশ দিয়ে যেতে থাকেন। ওদিকে দ্বিতীয় বন্দুকধারী তখনো অদূরে একটি সেতু থেকে গুলি ছুড়তে থাকেন।

এই পর্যায়ে নিরস্ত্রকারী (আহমেদ) বন্দুকটি একটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রেখে পেছনে সরে যান। ভিডিওতে তৃতীয় এক পথচারীকে নিরস্ত্র গুলিবর্ষণকারীর দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই পথচারী সেতুর দিকে হাঁটতে থাকা গুলিবর্ষণকারীর দিকে কিছু একটি ছুড়ে মারেন।

আহমেদ এক বন্দুকধারীকে নিরস্ত্র করার কয়েক মুহূর্তের মধ্যে আরেক ব্যক্তিকেও তার সহায়তায় এগিয়ে যেতে দেখা যায়।

রোববার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে বন্ডাই সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হন। এক শিশুসহ আহত হন ৩৮ জন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজন নিহত হয়েছেন, আরেকজন আহত হয়ে রয়েছেন সংকটাপন্ন অবস্থায়।

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইহুদিদের বার্ষিক ‘হানুক্কাহ’ উৎসব শুরু উপলক্ষে বন্ডাই সমুদ্রসৈকতে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। সেই উৎসবকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

হামলাকারীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টেলিভিশনে ভাষণে বলেছেন, একজন অস্ট্রেলীয় ইহুদির ওপর হামলার মানে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের ওপর হামলা। বন্দুকধারীকে নিরস্ত্র করতে যেসব সাধারণ মানুষ এগিয়ে গেছেন, তাদের ‘বীর’ বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিনসও বন্দুকধারীকে নিরস্ত্রকারী ব্যক্তির প্রশংসা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ