
রকিবুজ্জামান, মাদারীপুর : ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’- এ স্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা মানবন্ধন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।
মঙ্গলবার বিকেল ৫টায় কালকিনি উপজেলা পরিষদ চত্বরে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, ছাত্র আন্দোলনকে ইস্যু করে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী চক্র এবং জামায়াত-শিবির সহ চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এছাড়া একটি কুচক্রী মহল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। এই মুক্তিযোদ্ধারা ৭১ সালে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে না পড়লে যেখানে আজকের এই বাংলাদেশ সৃষ্টিই হতো না, সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে ছিনিমিনি মেনে নেয়া হবে না।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও কবি মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা প্রমুখ।
মানববন্ধনে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।











