
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম নুরুল হুদা ফয়সাল কে মারধর করে আহত ও লাঞ্ছিত করায় হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে শিক্ষকরা চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন, প্রধান শিক্ষক সফিউল কবির ভূঁইয়া, ঊষা রানী মজুমদার প্রমূখ। বক্তারা প্রধান শিক্ষককে মারধর করে লাঞ্চিত কারীদের বিচারে দ্রæত গ্রেফতার করার দাবি জানায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বাসিন্দা আবদুর রহিমের ছেলে মাহাবুবুর রহমান স্বপন (৪৮) ও মুসলিম মিয়ার ছেলে নুরুল হুদা (৫০) প্রধান শিক্ষকের বিরুদ্ধে ০৩ (তিন) মাস পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল হান্নান পাটওয়ারী, ইউ.আর.সি কর্মকর্তা মোঃ আবু তাহেরকে নিয়ে গত সোমবার দুপুরে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্ত করতে যান। তদন্তকালে অভিযোগকারীরা এবং অজ্ঞাতনামা কয়েক জন লোক অফিসে ঢুকে তদন্ত কর্মকর্তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে তাদের সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে অভিযোগকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর করে আহত ও লাঞ্চিত করে।
ঘটনাস্থল থেকে উপজেলা শিক্ষা অফিসার থানায় ফোন করলে পুলিশ গিয়ে প্রধান শিক্ষক সহ তাদেরকে উদ্ধার করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অবহিত হলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাটখিল থানা পুলিশকে নির্দেশ দেন। পরবর্তীতে সোমবার রাতে প্রধান শিক্ষক আ.ফ.ম নুরুল হুদা ফয়সাল বাদী হয়ে থানায় হামলাকারী মাহাবুবুর রহমান স্বপন ও নুরুল হুদাসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।











