বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ছিনতাইয়ের অভিযোগে বিএনপির সাবেক এমপির ছেলে কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মৃত মজিবুর রহমান মঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে ২০টি ড্রাম ভর্তি মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক করেছে পুলিশ।

সোমবার আদালতে সোপর্দ করলে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত দাস কারাগারে পাঠান।

এর আগে মাছ চাষি মালিক আবু তাহের মফিজুর রহমান সুমনসহ দু’জনকে আসামি করে রোববার রাতে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার শুভারামপুর গ্রামের মাছ চাষি আবু তাহের (৭৫) রোববার সকালে ২০ ড্রাম ভর্তি পাঙাশ মাছ টমটমে উঠিয়ে আড়তে বিক্রি করার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি বাজিতপুর বাজার বড় ব্রিজটি অতিক্রম করার সময় মফিজুর রহমান সুমন তার সহযোগীদের নিয়ে গতিরোধ করে আবু তাহেরকে টমটম থেকে জোরপূর্বক নামিয়ে দেয়। এরপর সুমন মাছের গাড়িটি নিয়ে কটিয়াদী উপজেলার স্বনির্ভর বাজারে মাছের আড়তে নিয়ে আসে। মাছের মালিক আবু তাহের অন্য একটি গাড়িতে উঠে এসে স্বনির্ভর বাজারে তাদেরকে দেখতে পেয়ে দ্রুত কটিয়াদী মডেল থানায় এসে মৌখিক অভিযোগ করেন। উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মফিজুর রহমান সুমনকে আটক করলেও তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনা কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনকে অবহিত করেন।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন এসআই শ্যামল দেবনাথকে পাঠিয়ে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে যান।

মাছ চাষি আবু তাহের জানান, আমার বিশটি ড্রাম ভর্তি পাঙাশ মাছের গাড়ি জোর করে সাবেক এমপির ছেলে সুমন ও তার সহযোগীরা নিয়ে যায়। কটিয়াদী থানা পুলিশ সুমনকে আটক করলেও আমি মাছ ফেরত পাইনি। সুমনসহ দু’ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছি।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে এসেছি। মাছ চাষি আবু তাহের দু’জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। আটক মফিজুর রহমান সুমনে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ