
টংগিবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : উপজেলার বলই থেকে বালিগাঁও এর তৌলকাই রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ। এই অংশে রাস্তার দুইপাশে খোলা বিল থাকায় অপরাধীরা বিভিন্ন সময় ছিনতাই ডাকাতি করতো। কয়েক বছর আগে অল্প দিনের ব্যবধানে ডাকাতদের হাতে দুইজন খুন হওয়ার পর তৌলকাই ব্রিজের সন্নিকটে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয় এবং রাস্তায় সিসি ক্যামেরা এবং ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এরপর রাস্তাটি মোটামুটি নিরাপদ হয়ে ওঠে।
কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর ঝোপঝাড় বেড়ে ওঠায় পুলিশ চেকপোস্ট থেকে রাস্তাটার উপর ঠিকমতো নজর রাখা যায় না। ফলে আবারো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। দুই ইউনিয়নের সীমানায় হওয়ায় কেউই ঝোপ পরিস্কারের দায়িত্ব নিচ্ছিল না।
এ অবস্থায় টংগিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাৎ হোসেন শিপু বালিগাঁও এর কয়েকজন যুবক ও কিশোরকে নিয়ে নিজেই নেমে পড়েন ঝোপ পরিষ্কার করার কাজে। শনিবার বিকাল ৫ টায় প্রচণ্ড গরম উপেক্ষা করে ইমরান, সজিব, শান্ত সহ সবাই দা দিয়ে ঝোপ পরিস্কার করে।
এ সময় টংগিবাড়ী থানার উপ পরিদর্শক সাইফুল মোল্লা, উপ-পরিদর্শক সৈকত আহমেদ, সহকারী উপ-পরিদর্শক সমর বিশ্বাস এবং সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম উপস্থিত হয়ে শাহাদাৎ হোসেন শিপুসহ সবাইকে ধন্যবাদ জানান।
সাইফুল মোল্লা বলেন, আমরা এই চেকপোস্টে রাতে ডিউটি দিলেও এই ঝোপের জন্য রাস্তাটা বেশিদূর নজরে রাখা যাচ্ছিল না। তখন আমি এই এলাকার তরুন সমাজকর্মী শিপু ভাইকে অনুরোধ করি এই ঝোপ পরিস্কারের উদ্যোগ নিতে। যারা এই কাজে অংশ নিয়েছে তাদের সবাইকে টংগিবাড়ী থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাৎ হোসেন শিপু বলেন, আগে এই রাস্তায় সন্ধ্যার পর চলাফেরা করতে ভয় পেতাম। কিন্তু চেকপোস্ট হওয়ার পর সেই ভয় কেটে গেছে। এখন এই ঝোপগুলোর কারণে রাস্তাটা আবারো ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। তাই এলাকার যুব সমাজকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ঝোপ পরিস্কারের উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি আমাদের জনগণেরও দায়িত্ব আছে। আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ভাইয়েরা সারারাত এই নিরিবিলি চেকপোস্টে ডিউটি দেন। এই ঝোপগুলো তাদের জন্যও নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই এই ঝোপগুলো অপসারণ জরুরি হয়ে পড়েছিল।











