
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ১৫ নভেম্বর এমপি হিসেবে শপথ গ্রহণ করেন, একই দিন সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই শপথ নেওয়ার পরও তিনি সংসদের কোন অধিবেশনে যোগদান করতে পারেননি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে আবারও মনোনয়ন প্রদান করে আওয়ামী লীগ।
খবর নিয়ে জানা যায়, শাহজাহান আলম সাজু ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং জাকের পার্টির আরো ১০ জন প্রার্থী। তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের একই দলের তারেক মো: আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাসদ প্রার্থী আক্তার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কাজী মাসুদ আহমেদ এবং জাকের পার্টির ৬টি আসনের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের মো: জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের জহিরুল ইসলাম জুয়েল, ব্রাহ্মনবাড়িয়া-৩(সদর ) আসনে মো: সেলিম কবির, ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) মো. জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) মো: জামসেদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর ) আবদুল আজিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।











