
মো. রাশেদুল ইসলাম, মিঠাপুকুর(রংপুর): রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে দেড় শতাধিকের উপরে বারি-৪ আমগাছ কর্তন করার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। এমনকি গাছ কাটার পর বাগানের ভিতরেই আম গাছগুলোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ইতিপূর্বেও ওই আম বাগানে আম গাছ কর্তন এবং দখলের চেষ্টা করা হয়েছে বলে জানান বাগানের মালিক পল্লী চিকিৎসক একরামুল হক।
স্থানীয়রা জানান , মিঠাপুকুর উপজেলার ৯ নং ময়েনপুর ইউনিয়নের দক্ষিণ ফুলচৌকি গ্রামের মৃত এসহাক আলীর পাঁচ ছেলেরা বাবার মৃত্যুর পর জমির সমবন্টন করে দখলকৃত সম্পত্তিতে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ইসহাকের তৃতীয় ছেলে একরামুল ঢাকায় অবস্থান করায় তার অংশের জমিতে ভাই ইমদাদুল হক, এনামুল হক, রেজাউল করিম চাষবাদ করতেন। পরে একরামুল হক ঢাকা থেকে বাড়িতে এসে সেই জমিতে বারি জাতের আম গাছ লাগান। উক্ত জমিতে তিনভাই চাষাবাদের সুবিধা না পেয়ে বিবাদ সৃষ্টি করেন এবং একরামুলের জমি দখলের পাঁয়তারা করেন।
ভুক্তভোগীর দাবি, রোববার বিকাল আনুমানিক ৪ টার সময় তিনভাই ইমদাদুল হক, এনামুল হক, রেজাউল করিম এবং ভাতিজা মুন্নাসহ কয়েকজন জোরপূর্বক বেআইনিভাবে আম বাগানে প্রবেশ করেন। তারা বাগানের পশ্চিম পাশে প্রায় ২২ শতাংশ জায়গার দেড়শতাধিক আমের গাছ কেটে ফেলেন। আম বাগানের ভিতরে কাটা গাছগুলোকে একত্রে করে বাঁশের খুঁটি এবং নেটসহ পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে তিনি এসে দেখেন শুধু গাছের গোড়া এবং পোড়া গাছের ছাই পড়ে আছে।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আমরা বাধা দিয়েছি। কিন্তু তারা কেউ আমাদের কথা শোনেনি।
অভিযুক্তদের দাবি, আমাদের জমির গাছ আমরা কেটেছি। একরামুলের জমির গাছ ওর জমিতেই আছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











