
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) : কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করেছেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত ঝিটকা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলার ঝিটকা গার্লস স্কুল মোড় ব্লক করে এ বিক্ষোভ কর্মসুচি পালন করেন তারা।
এরপর ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজে অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ মো. সহিদুর রহমানের অনুরোধে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়েন।
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ শাহ নুর এ আলম জানান, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে আমি নিজেসহ পুলিশ নিয়ে গিয়ে কাউকে পাইনি। এটা একটা ছোট ঝটিকা মিছিলের মত অল্প সময়ে পালন করেছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এ আন্দোলনে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজসহ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।











